সকালের শুরুটা এক কাপ ধোঁয়া ওঠা কফি ছাড়া অনেকেরই ঠিক জমে না। ক্যাফেইনের জাদুতে নিমেষেই দূর হয়ে যায় রাতের ঘুম আর ক্লান্তি। কিন্তু স্বাস্থ্য সচেতন তরুণ প্রজন্মের কাছে এখন শুধু সাধারণ কফিতেই মন ভরছে না। তারা বেছে নিচ্ছেন নতুন এক পানীয়, যার নাম দেওয়া হয়েছে 'প্রোফি'। প্রোটিন আর কফির এই যুগলবন্দি এখন চারদিকে দারুণ জনপ্রিয়। কিন্তু এই প্রোফি আসলে কী আর কেনই বা এটি এত দ্রুত সবার নজর কাড়ছে?
প্রোফি মূলত প্রোটিন এবং কফির একটি মিশ্রণ। যারা নিয়মিত জিমে যান বা শরীরচর্চা করেন, প্রোটিন শেক তাদের রোজকার রুটিনের খুব চেনা একটি অংশ। অন্যদিকে সকালে এক কাপ কফিও অনেকের ভীষণ প্রিয়। এই দুটি বিষয়কে একসঙ্গে মিলিয়েই তৈরি হয়েছে প্রোফি। অর্থাৎ, সকালে আলাদা করে কফি আর ব্যায়ামের আগে প্রোটিন শেক খাওয়ার বদলে দুটোকে এক গ্লাসে নিয়ে আসার দারুণ এক উপায় এটি।
এর উপকারিতার দিকটিও বেশ চমৎকার। পুষ্টিবিদদের মতে, কফিতে থাকা ক্যাফেইন আমাদের মস্তিষ্ককে সজাগ করে এবং স্নায়ুকে চনমনে রাখতে সাহায্য করে। এর সঙ্গে যখন প্রোটিন যুক্ত হয়, তখন শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদাও মেটে। মাত্রাতিরিক্ত ক্যাফেইন শরীরের জন্য মোটেও ভালো নয়। তাই প্রোটিনের সাথে কফি মিশিয়ে খেলে ক্যাফেইনের উপকারিতা যেমন পাওয়া যায়, তেমনি প্রোটিন পেট ভরিয়ে রাখে এবং দীর্ঘক্ষণ শক্তি জোগায়।
শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারও বেশ কিছুদিন আগে নিজের স্পেশাল প্রোটিন কফির কথা জানিয়েছিলেন। পাবলিক হেলথ ও নিউট্রিশন নিয়ে পড়াশোনা করা সারা তার প্রোফি তৈরি করেন কফি পাউডার, কোকো পাউডার, ভেজানো চিয়া বীজ এবং কাঠবাদামের দুধ দিয়ে।
পুষ্টিবিদ সিমরত কাঠুরিয়া মনে করেন, প্রোটিন শেকের মধ্যে ক্যাফেইনের এই দারুণ ছোঁয়াই প্রোফির মূল আকর্ষণ। বিশেষ করে যারা নিয়মিত শরীরচর্চা করেন, তাদের সকালের রুটিনে এটি বেশ ভালোভাবেই মানিয়ে যায়।
আপনার যদি মনে হয় প্রতিদিনের রুটিনে নতুন কিছু যোগ করবেন, তবে প্রোফি একবার পরখ করে দেখতেই পারেন। স্বাদ বদলের পাশাপাশি এটি আপনার সকালের শুরুকে করে তুলতে পারে আরও প্রাণবন্ত ও সতেজ।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে