লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ১২ নম্বর চরশাহী ইউনিয়নের চরশাহী উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী পদে চাকরি নিয়ে গুরুতর অনিয়ম ও পরিচয় জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ১৯৮৮ সালে মহিউদ্দিন নামে এক ব্যক্তি বিদ্যালয়ের নৈশপ্রহরী পদে নিয়োগ পান। পরবর্তী সময়ে তিনি বিদেশে চলে গেলে তাঁর ছোট ভাই মোসলেউদ্দিন বড় ভাইয়ের নাম ও পরিচয় ব্যবহার করে চাকরিতে বহাল থাকেন।
অভিযোগকারীদের দাবি, বড় ভাই মহিউদ্দিনের নাম ব্যবহার করে ছোট ভাই মোসলেউদ্দিন একটি নতুন পরিচয়পত্র তৈরি করেন এবং সেই পরিচয়ে বিদ্যালয়ে চাকরি করে আসছেন। অথচ মহিউদ্দিনের পাসপোর্টসহ বিদেশযাত্রাসংক্রান্ত বিভিন্ন নথিতে তাঁর নিজস্ব নাম ও পরিচয় রয়েছে। এ অবস্থায় বিদ্যালয়ে কর্মরত ব্যক্তির প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বিদ্যালয়ের নথি অনুযায়ী, মহিউদ্দিন ১৯৮৮ সালের ১ জুলাই নৈশপ্রহরী পদে যোগদান করেন। তাঁর ইনডেক্স নম্বর C624580। অভিযোগকারীদের ভাষ্য, নিয়োগপ্রাপ্ত মহিউদ্দিন বিদেশে চলে যাওয়ার পর তাঁর ছোট ভাই মোসলেউদ্দিন তাঁর স্থলাভিষিক্ত হন। একপর্যায়ে বড় ভাইয়ের নাম ও পরিচয় ব্যবহার করে চাকরি চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তৎকালীন প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।
পারিবারিক সূত্রে জানা যায়, মজিবুর রহমানের পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে মহিউদ্দিন এবং দ্বিতীয় ছেলে মোসলেউদ্দিন। অন্য তিন ছেলে হলেন আলাউদ্দিন, আল মামুন ও মোহাম্মদ নিজাম উদ্দিন। অভিযোগকারীদের দাবি, পারিবারিক সনদে মহিউদ্দিন ও মোসলেউদ্দিনকে পৃথক ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ চাকরির ক্ষেত্রে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের পরিচয় ব্যবহারের অভিযোগ রয়েছে।
এ ছাড়া পরিচয়সংক্রান্ত জটিলতা আরও বাড়িয়েছে নামের ভিন্নতা। অভিযোগকারীদের দাবি, কোথাও মহিউদ্দিন, কোথাও মোসলেউদ্দিন, আবার কোথাও ইসমাইল নামও ব্যবহার করা হচ্ছে। অথচ পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, মজিবুর রহমানের সন্তানদের তালিকায় ইসমাইল নামে কারও উল্লেখ নেই। ফলে প্রকৃত পরিচয় আড়াল করতে একাধিক নাম ও পরিচয় ব্যবহারের অভিযোগ উঠেছে।
অভিযোগকারীরা আরও জানান, বর্তমানে বিদ্যালয়ে কর্মরত ব্যক্তির কাছে মোসলেউদ্দিন নামে পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে মহিউদ্দিন বলে পরিচয় দেন। আবার মহিউদ্দিনের অবস্থান জানতে চাইলে বলা হয়, তিনি বিদেশে রয়েছেন। এতে একই চাকরির বিপরীতে দুই ভাইয়ের পৃথক পরিচয় এবং একজনের বিদেশে অবস্থানের তথ্য নিয়ে এলাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে।
এ ঘটনায় ১২ নম্বর চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দেওয়া একটি প্রত্যয়নপত্র নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, পারিবারিক সনদে মহিউদ্দিন ও মোসলেউদ্দিনকে পৃথক ব্যক্তি হিসেবে উল্লেখ করা হলেও অন্য একটি প্রত্যয়নপত্রে তাঁদের ‘মোসলেউদ্দিন ওরফে মহিউদ্দিন’ হিসেবে একই ব্যক্তি উল্লেখ করা হয়েছে। দুটি নথির তথ্যের মধ্যে এমন অসংগতি কীভাবে তৈরি হলো, তা নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
বিদ্যালয়ের শিক্ষক খোরশেদ আলম জানান, প্রথমে মহিউদ্দিন বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। পরে তিনি বিদেশে চলে গেলে তাঁর ছোট ভাই মোসলেউদ্দিন নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করেন।
স্থানীয়দের প্রশ্ন, ১৯৮৮ সালে নিয়োগপ্রাপ্ত মহিউদ্দিন যদি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করে থাকেন, তাহলে বর্তমানে বিদ্যালয়ে তাঁর পরিচয়ে কে চাকরি করছেন? আর ছোট ভাই মোসলেউদ্দিন যদি চাকরি করে থাকেন, তাহলে নিজের পরিচয়ের পরিবর্তে বড় ভাইয়ের নাম ব্যবহারের প্রয়োজন হলো কেন?
এলাকাবাসীর অভিযোগ, পরিচয়সংক্রান্ত এ ধরনের অসংগতির কারণে ভবিষ্যতে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, পারিবারিক সনদ ও অন্যান্য সরকারি নথি ব্যবহারের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এমনকি একই নাম ও পরিচয়ের অপব্যবহার করে কেউ আইনি বা প্রশাসনিক হয়রানির শিকার হতে পারেন বলেও আশঙ্কা করছেন তাঁরা। তাই সংশ্লিষ্ট সব পরিচয়পত্র, পাসপোর্ট, নিয়োগপত্র, সার্ভিস বুক ও অন্যান্য সরকারি নথি যাচাইয়ের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চন্দ্র মিত্র বলেন, এ ব্যাপারে আমরা এখনো অবহিত নই। তবে বিষয়টি খতিয়ে দেখব।
এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত মূল নথি, ইনডেক্স নম্বর, বেতন-ভাতার রেকর্ড, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং সংশ্লিষ্ট প্রত্যয়নপত্র যাচাই করে প্রকৃত কর্মরত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাবেক ও বর্তমান বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের ভূমিকা তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
বিষয় : আইন-বিচার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে