ইরানের কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানান্দাজে ১৯ বছর বয়সী এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে। পরিবারের অমতে এক যুবকের সঙ্গে সম্পর্ক এবং অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।
সোমবার নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন হেঙ্গাউ অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এ তথ্য প্রকাশ করে। সংস্থাটির দাবি, কুর্দি-অধ্যুষিত পশ্চিম ইরানে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ‘অনার কিলিং’ বা তথাকথিত সম্মান রক্ষার নামে হত্যাকাণ্ড।
নিহত তরুণীর নাম হেলিয়া ফাত্তাহি। তিনি সানান্দাজের নায়সার এলাকার বাসিন্দা। হেঙ্গাউয়ের দেওয়া তথ্য অনুযায়ী, তার বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লেইলা ভেইসি এ হত্যাকাণ্ডে জড়িত।
সংস্থাটির সূত্র জানায়, এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হেলিয়ার। মৃত্যুর সময় তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার আগের সপ্তাহে পরিবারের সদস্যদের নিজের গর্ভধারণের বিষয়টি জানান তিনি।
অভিযোগ অনুযায়ী, গত শনিবার মেয়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে আদালতে যান তার বাবা-মা। পরে বাড়িতে ফিরে তারা হেলিয়াকে খিঁচুনি প্রতিরোধী ওষুধের প্রায় ৩০টি বড়ি খাওয়ান এবং শারীরিক নির্যাতন করেন।
হেঙ্গাউয়ের বিবৃতিতে বলা হয়, ওষুধ সেবন ও নির্যাতনের পরও হেলিয়া জীবিত আছেন বুঝতে পেরে তার মুখের ওপর বালিশ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন বাবা-মা।
সংস্থাটির দাবি, জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে হেলিয়ার বাবা ও মা দুজনেই হত্যার কথা স্বীকার করেন। পরে একই দিন পুলিশ তাদের গ্রেপ্তার করে।
হেলিয়া হত্যাকাণ্ডের কয়েক দিন আগে পার্শ্ববর্তী কেরমানশাহ প্রদেশে ১৬ বছর বয়সী স্কুলছাত্রী সোগান্দ সায়াদির মৃত্যুর ঘটনাও তদন্তের আওতায় আসে।
হেঙ্গাউয়ের তথ্য অনুযায়ী, সায়াদি স্কুলের কর্মীদের জানিয়েছিলেন, বাবার সঙ্গে বাড়ি ফিরলে তিনি হত্যার শিকার হতে পারেন। প্রাদেশিক শিক্ষা বিভাগের ভাষ্য, সেদিন তার বাবা স্কুলে মেয়ের নথিপত্র সংগ্রহ করতে এসেছিলেন। পরবর্তী সময়ে বাবার বাড়িতেই ওই ছাত্রীর মৃত্যু হয়।
কেরমানশাহের আইন কর্মকর্তা হামিদরেজা কারিমি জানিয়েছেন, সায়াদির মৃত্যুর ঘটনায় হত্যা ও আত্মহত্যা, উভয় সম্ভাবনাই তদন্ত করে দেখা হচ্ছে। ইরানের বিচার বিভাগ-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক নির্যাতন ও হত্যার সন্দেহে সায়াদির বাবাকে এবং অবহেলার অভিযোগে স্কুলের অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে অক্টোবরের শেষ দিকে পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় কাউন্টিতে ১৬ বছর বয়সী স্কুলছাত্রী নেসা আলিজাদেহ হত্যার ঘটনা প্রকাশ্যে আসে। নিজের পছন্দের পাত্রকে বিয়ে করা নিয়ে পারিবারিক বিরোধের জেরে তার বাবা শ্বাসরোধ করে মেয়েকে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।
হেঙ্গাউয়ের তথ্যমতে, এ ঘটনায় নেসার মা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে মেয়েকে পারিবারিক ‘সম্মান’ রক্ষার নামে হত্যার কথা স্বীকার করেন ওই ব্যক্তি।
এদিকে প্যারিসভিত্তিক উইমেনস কমিটি অব দ্য ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানের (ডব্লিউএনসিআরআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ পর্যন্ত ইরানে নারীহত্যার ঘটনায় ৯২ জন নারী ও কিশোরীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে সংস্থাটি। তাদের মধ্যে ১৩ জনের বয়স ১৮ বছরের নিচে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নারীহত্যার সবচেয়ে বেশি ১৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে রাজধানী তেহরান প্রদেশে।
বিষয় : ইরান

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

মতামত