ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গণনায় এগিয়ে থেকে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে অল্প ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে গেছেন তিনি। ফিলিস্তিনের প্রতি সমর্থনের জন্য পরিচিত লুলার এই জয়কে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে ব্রাজিলের নির্বাচন কমিশনের তথ্যের ভিত্তিতে জানানো হয়, প্রায় ৯৯ শতাংশ ব্যালট গণনা সম্পন্ন হয়েছে। গণনা করা ভোটের মধ্যে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে ফ্লাভিও বলসোনারোর পক্ষে পড়েছে ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট।
দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম থাকায় ভোট গণনার শেষ পর্যায় পর্যন্ত ফলাফল নিয়ে অনিশ্চয়তা ছিল। ফলে উভয় শিবিরেই চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা ও উৎকণ্ঠা দেখা দেয়।
ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে। এর আগে নির্বাচনে জাইর বলসোনারোকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বামপন্থি নেতা লুলা দা সিলভা। পরবর্তী সময়ে ক্ষমতা হস্তান্তর নিয়ে জাইর বলসোনারোর ভূমিকা এবং বিভিন্ন আইনি জটিলতা ব্রাজিলের রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে ওঠে। এবার বাবার পরিবর্তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সিনেটর ফ্লাভিও বলসোনারো।
গত ৪ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। ওই দফায় কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়। নিয়ম অনুযায়ী, প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী রানঅফে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রথম দফার ভোটে ফ্লাভিও বলসোনারো এগিয়ে থাকলেও দ্বিতীয় দফায় ব্যবধান ঘুচিয়ে তাকে পেছনে ফেলেন লুলা। ফলে প্রথম দফায় এগিয়ে থাকা সত্ত্বেও চূড়ান্ত লড়াইয়ে পরাজয়ের মুখে পড়েন ফ্লাভিও।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৮ সালের পর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে, যেখানে প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী দ্বিতীয় দফায় পরাজিত হয়েছেন।
সূত্র: বিবিসি ও রয়টার্স।
বিষয় : ব্রাজিল প্রেসিডেন্ট

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে