জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বিজয়-২৪ হলের ছাদে জমে থাকা প্লাস্টিক ও ময়লা-আবর্জনা অপসারণে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য সাখাওয়াত হোসেন জিকু।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাঁর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা হলের ছাদে জমে থাকা প্লাস্টিকের বোতল, প্যাকেট ও ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি জমে থাকা পানিও পরিষ্কার করেন।
কর্মসূচি প্রসঙ্গে সাখাওয়াত হোসেন জিকু বলেন, ‘পরিচ্ছন্ন হল, সুস্থ মন’ স্লোগানকে সামনে রেখে তাঁরা এ উদ্যোগ নিয়েছেন। ক্লাস ও পরীক্ষার ব্যস্ততার পর হলের ছাদ শিক্ষার্থীদের মানসিক প্রশান্তির একটি জায়গা। কিন্তু অসচেতনতার কারণে সেখানে প্লাস্টিকের বোতল, প্যাকেট ও ময়লা জমে পরিবেশ দূষিত হচ্ছিল। ছাদের এক পাশে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র হয়ে ওঠার আশঙ্কাও ছিল। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়াতেই তাঁদের এ সম্মিলিত উদ্যোগ।’
তিনি আরও বলেন, হলের ছাদ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখার দায়িত্ব সবার। সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই একটি সুস্থ ও সুন্দর হল এবং ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।
অভিযানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য দীপু রায়, সারোয়ার হোসেন সজীব, সাদ ইবনে ওয়াহিদ, সিফাত হাসান স্বচ্ছ, মামুন আহমেদ, মো. মাহফুজ রহমান ও জিহাদ আহমেদ উপস্থিত ছিলেন।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে