চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারী শিক্ষার্থীর ইনবক্সে অশোভন ও হয়রানিমূলক বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে শিবির-সমর্থিত প্যানেলের এক প্রার্থীর বিরুদ্ধে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে কয়েকটি পোস্টের মাধ্যমে ঘটনাটি প্রকাশ পায়।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম সালমান সাকিব।
পোস্টে নারী শিক্ষার্থী জানিয়েছেন, ‘আমার অনিচ্ছাসত্ত্বেও ব্যক্তিগত মেসেজ, ফোনকল ও গানের ভিডিও পাঠিয়ে দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছেন ওই শিক্ষার্থী। প্রথমে আমি সাধারণভাবে মেসেজের উত্তর দেইনি। পরে তিনি সিনিয়র হওয়ায় একবার উত্তর দেই, কিন্তু এরপরই তিনি সম্পর্ক বাড়ানোর চেষ্টা করেন। আমি অস্বস্তি প্রকাশ করলে তিনি বলেন, ভার্সিটিতে ছেলে-মেয়ে কথা বলা অস্বাভাবিক নয়।’
সালমান সাকিব এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি মেয়েটিকে ঠিকমতো চিনি না। প্রথমে তিনিই আমাকে মেসেজ করেছিলেন। তিনি নিজেকে নওশীন, ২৪-২৫ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন। আমি জানি না তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কি না।’
ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করবেন বলে জানান তিনি।
অভিযুক্ত সালমান সাকিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (IER) ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। আসন্ন চাকসু নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী তিনি।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫

মতামত