বুধবার, ০৩ জুন ২০২৬
The Dhaka News Bangla

চবির আইন অনুষদে জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা ৫ জুন, অংশ নিচ্ছে ৪২ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ১৬ দল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রফেসর ড. খবির উদ্দিন আহমেদ ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশন ২০২৬’। সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) এর আয়োজনে আগামী ৫ ও ৬ জুন দুই দিনব্যাপী এ জাতীয় পর্যায়ের আইনভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।চতুর্থবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল’। দেশের আইন শিক্ষার্থীদের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের ৪২টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল লিখিত মেমোরিয়াল জমা দিয়েছে।জমাকৃত মেমোরিয়াল যাচাই-বাছাই শেষে সেখান থেকে ১৬টি দল মৌখিক সাবমিশন পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। প্রতিযোগিতাটি প্রিলিমিনারি রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল এই চারটি ধাপে অনুষ্ঠিত হবে। নির্বাচিত দলগুলো আইনি গবেষণা, বিশ্লেষণ, যুক্তিনির্ভর উপস্থাপনা এবং আদালতকেন্দ্রিক সাবমিশনের মাধ্যমে নিজেদের মেধা ও দক্ষতা প্রদর্শন করবে।প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রেজাউল করিম।এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামিম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদূর রউফ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) ও জেলা ও দায়রা জজ এ.ই.এম. ইসমাইল হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ তালুকদার, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার বেলায়েত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলএল.এম. অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার শাহ মুহাম্মদ ইজাজ রহমান এবং ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন এ.বি.এম. ইমদাদুল হক খান।আয়োজকদের মতে, এ প্রতিযোগিতা আইন শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তারা আইনি জ্ঞান, গবেষণা, বিশ্লেষণ ক্ষমতা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং যুক্তিনির্ভর বিতর্কে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে। বিশেষ করে ‘ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল’ বিষয়টি শিক্ষার্থীদের আন্তর্জাতিক আইন, সশস্ত্র সংঘাত, মানবিক সুরক্ষা ও মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলো গভীরভাবে অনুধাবনের সুযোগ করে দেবে।

চবির আইন অনুষদে জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা ৫ জুন, অংশ নিচ্ছে ৪২ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ১৬ দল