সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্যাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের চতুর্থ তলায় সংগীত বিভাগের ‘সন্ধ্যামালতী’ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আমাদের জাতীয় কবি একাধারে কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, সৈনিক, গীতিকার, শিল্পী ও সাংবাদিক। তবে তাঁর অন্যতম গুণ হলো তিনি আজীবন সংগ্রামী। তিনি নিরীহ, নিপীড়িত, সুবিধাবঞ্চিত মানুষ ও দেশের জন্য সংগ্রাম করেছেন। আজীবন প্রতিকূল পরিবেশে বেড়ে উঠলেও তিনি কখনো সংগ্রাম থামাননি। তিনি আসলে সংগ্রামের মহাপুরুষ। আমরাও যদি তাঁর মতো সংগ্রাম করতে পারি, তাহলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারব।’
উপাচার্য আরও বলেন, ‘নজরুল সারা জীবন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন, অথচ তিনি সব সময় নিগৃহীত, বঞ্চিত ও তিরস্কৃত হয়েছেন। শেষ জীবনে তিনি নির্বাক সময় কাটিয়েছেন। তা না হলে তিনি আমাদের আরও অনেক কিছু দিতে পারতেন; তবে যা দিয়েছেন তা-ই যথেষ্ট।’ শিক্ষার্থীদের নজরুলের চেতনা ধারণ করে চর্চা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, নজরুলকে যাঁরা ধারণ করতে পারবেন, তাঁদের জীবনে সফলতা আসবেই।
সেমিনারে ‘নজরুলের সৃষ্টিতে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন ও নজরুলগবেষক অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী।
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলার (মাওলা প্রিন্স) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী এবং শুভেচ্ছা বক্তব্য দেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার।
অনুষ্ঠানের ফাঁকে কবি নজরুলের মৃত্যুবার্ষিকী, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও নজরুল বর্ষ উপলক্ষে এর আগে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে