মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ সময়ের দাবি: নুর
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৫
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ সময়ের দাবি। অনতিবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিন।
বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেছেন। নুর বলেন, ‘জুলাই মাসে গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা এই সরকারের কারণে ভেঙে পড়েছে। সরকারের নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ।’ তিনি দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে বলেন, ‘আগামী নির্বাচনের জন্য আমাদের একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন, কারণ এই সরকার আর গ্রহণযোগ্য নয়।’ গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়া এখন সময়ের দাবি। অন্যথায় সংকট আরও বাড়বে।নির্বাচনী রোডম্যাপ ছাড়া আমরা স্বস্তি পাব না।’ তিনি আরও বলেন, ‘বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। তথাকথিত মানবিক করিডরের নামে খাল কেটে কুমির আনা যাবে না।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণের অভিযোগ তুলে নুর বলেন, ‘নির্বাচনী রোডম্যাপের জন্য প্রয়োজনে আবার মাঠে নামবো।’ এ সময় এক সপ্তাহের মধ্যে জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানিয়ে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল দেয়ারও দাবি জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
মতামত