‘আজাদির জন্য, এই জমিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন, তাঁদের বিচারের দাবিতে আমাদের ভিক্ষুকের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে, আজীবন রাস্তায় রাস্তায় ঘুরব। প্রয়োজন হলে সংসদে গিয়ে বিচার নিশ্চিত করব।’
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চাঁদপুরে ইনকিলাব মঞ্চের ‘ইনসাফ ফর আজাদী’ পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবির।
চাঁদপুরের ওয়ারলেস বাজার ,বাসস্ট্যান্ড ও শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত পথসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার, গণভোট, রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।
আব্দুল্লাহ আল জাবির বলেন, ‘এই জমিনে শরিফ ওসমান হাদির হত্যার বিচার হয়েছে কবে?’ তিনি বলেন, শহীদদের হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে তাঁদের রাজপথে আন্দোলন করতে হচ্ছে। প্রয়োজনে সংসদে গিয়েও বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
সরকারের ভূমিকার সমালোচনা করে ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক বলেন, সরকার তাঁদের সঙ্গে কূটকৌশল করছে এবং বিভিন্ন বয়ান উপস্থাপন করছে বলে তাঁরা মনে করেন। তাঁর ভাষ্য, গত ১৭ বছরে অনুষ্ঠিত তিনটি বিতর্কিত নির্বাচনের সময়ও এ ধরনের কূটনীতি সরকারকে রক্ষা করতে পারেনি।
রাজনৈতিক দলগুলোর নির্বাচনী অবস্থান তুলে ধরে তিনি বলেন, জামায়াতে ইসলামী এর আগে কখনো ৭০টি আসন পেয়েছে কি না, সে প্রশ্ন রয়েছে। জুলাই আন্দোলনের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্ম হয়েছে এবং দলটি এখন সংসদে প্রতিনিধিত্ব করছে উল্লেখ করে তিনি বলেন, এর আগে অনেকেই দলটিকে চিনতেন না।
গণভোট প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে আব্দুল্লাহ আল জাবির বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোট মেনে নিয়েছিল। অথচ এখন দলটি গণভোটকে অস্বীকার করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, গুম ও খুনের শিকার হওয়া রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাও ছিলেন; তাঁদের অনেককে বাড়িতে থাকতে না পেরে ধানক্ষেতে আশ্রয় নিতে হয়েছে বলে তিনি দাবি করেন। এমন পরিস্থিতিতে গণভোটের প্রশ্নে বিএনপির বর্তমান অবস্থান নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ করেছিলেন—এমন এক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর অভিযোগ, এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুই জানেন না বলে জানিয়েছেন। এ সময় তিনি প্রশ্ন তোলেন, সংশ্লিষ্ট ঘটনায় দায়িত্বশীল ব্যক্তিরা কিছু না জানলে কে জানবেন?
পথসভায় ইনকিলাব মঞ্চের চাঁদপুরের নেতাদের মধ্যে খান মোহাম্মদ নিয়াজ, মোর্শেদ ও মোসাদ্দেক আল আকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিষয় : ইনকিলাব মঞ্চ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে