দিনাজপুরের খানসামা থেকে মনাগঞ্জ ও ভবানীগঞ্জ হয়ে নীলফামারী যাতায়াতের একমাত্র ভরসা সড়কটির করুণ দশা। দীর্ঘদিন কোনো সংস্কার কাজ না হওয়ায় উঠে গেছে বিটুমিন ও খোয়া, তৈরি হয়েছে বিশাল বিশাল খানাখন্দ। একটু বৃষ্টি হলেই জমে কাদা-পানি। এসব গর্তে চাকা আটকে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, যা এখন সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খানসামা রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের মোড় থেকে আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদ হয়ে বাসুলী পাকারমাথা পর্যন্ত অংশটির অবস্থা সবচেয়ে খারাপ। সড়কজুড়ে তৈরি হওয়া ছোট-বড় গর্তে আটকে প্রায় প্রতিদিনই উল্টে যাচ্ছে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা। এতে আহত হচ্ছেন পথচারী ও যাত্রীরা। রাতের অন্ধকারে এই ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
ভোগান্তিতে পড়া পথচারীরা জানান, প্রতিদিন ঝুঁকি নিয়ে এই পথেই যেতে হয় স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে। দীর্ঘদিনের চরম অবহেলায় পথটি এখন যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে।
এলাকাবাসীর দাবি, আর কোনো জোড়াতালি নয় দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে সড়কটি দ্রুত টেকসইভাবে পুনর্নির্মাণে কার্যকর পদক্ষেপ নিক কর্তৃপক্ষ।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে