চাঁদপুর জেলার এসএসসি-১৯৯৭ ও এইচএসসি-১৯৯৯ ব্যাচের উদ্যোগে প্রয়াত বন্ধু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাদ্দাম হোসেন রনির স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মনির মিয়াজী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি হুমায়ন কবির।
স্মরণসভায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এসএসসি-১৯৯৭ ও এইচএসসি-১৯৯৯ ব্যাচের সদস্যরা অংশ নেন। তারা সাদ্দাম হোসেন রনিসহ ব্যাচের প্রয়াত বন্ধুদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন রহিম বাদশা, ডা. তানভীর আহমেদ আরিফ, লিজন পাটওয়ারী, জাফর আহমেদ, শুভাশীষ ঘোষ শ্রীগুরু, রাজিব হোসেন, অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাডভোকেট শাহাজাহান খান, এম আর ইসলাম বাবু, কে এম সালাউদ্দিন, অজিউল্লা জিন্নাহ, হারুন মাস্টার, প্রভাত দাস সুমন, কাজী হুমায়ুন কবির, সরোয়ার আলম কুমার, কামাল বেপারী, তানভীর চৌধুরীসহ ব্যাচের অন্য সদস্যরা। অনুষ্ঠানে প্রয়াত সাদ্দাম হোসেন রনির ছোট ভাই রুপমও উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন এম আর ইসলাম বাবু ও সরোয়ার আলম কুমার।
বক্তারা বলেন, সাদ্দাম হোসেন রনি ছিলেন একজন বিনয়ী, মিশুক ও বন্ধুবৎসল মানুষ। ছাত্রজীবন থেকে কর্মজীবন—সব সময় তিনি বন্ধুদের সুখ-দুঃখে পাশে থেকেছেন। চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর মানবিকতা, আন্তরিকতা ও বন্ধুত্বের বন্ধন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, চাঁদপুরের সুপরিচিত সাংস্কৃতিক কর্মী সাদ্দাম হোসেন রনি গত ২৬ জুলাই রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য বন্ধু-শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বিষয় : চাঁদপুর

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে