জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত জমি অধিগ্রহণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেছেন, জমি অধিগ্রহণে সরকারের পক্ষ থেকে যে সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলো কাজে লাগিয়ে ইউজিসি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তবে এ ক্ষেত্রে স্থানীয়দের সহযোগিতাও প্রয়োজন।
গতকাল বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২০তম আবর্তনের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ ও ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মামুন আহমেদ বলেন, ‘জমি অধিগ্রহণের জন্য যত সুযোগ-সুবিধা আছে, আমরা দায়িত্ব নিয়ে কাজ করব। তবে এ ক্ষেত্রে স্থানীয়দেরও সহযোগিতায় এগিয়ে আসতে হবে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আয়তন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের একাডেমিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে অতিরিক্ত ১০০ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৫ সালের ১৮ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে সিদ্ধান্ত গ্রহণের এক বছরের বেশি সময় পার হলেও জমি অধিগ্রহণের কাজ এখনো বাস্তবায়িত হয়নি।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের পুরোনো বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় নবীন বিশ্ববিদ্যালয়গুলো অতিরিক্ত অর্থায়নের সুযোগ পায়। সেই বিবেচনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়ার দাবিদার। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় নির্মাণকাজে ইউজিসি দ্রুত ব্যবস্থা নেবে বলেও তিনি আশ্বাস দেন।
ইউজিসি চেয়ারম্যানের এ আশ্বাসে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নে নতুন আশাবাদ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিষয় : নজরুল বিশ্ববিদ্যালয়

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে