টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে আজ শুক্রবার (১০ জুলাই)ও বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল। এতে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েছেন। জলাবদ্ধতা ও রেললাইনের বিরূপ পরিস্থিতির কারণে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির কারণে নগরের মুরাদপুর এলাকাসহ বিভিন্ন স্থানে রেললাইনের ওপর পানি জমে রয়েছে। পানি না নামা পর্যন্ত শাটল ট্রেন চালু করা সম্ভব নয়। রেললাইনের ওপর পড়ে থাকা গাছ সরিয়ে ফেলা হলেও জলাবদ্ধতার কারণে ট্রেন চলাচল শুরু করা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন বলেন, "মূল সমস্যা এখন রেললাইনের ওপর জমে থাকা পানি। পানি কমে যাওয়ার পর রেল কর্তৃপক্ষ লাইন পরিদর্শন করে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা নিশ্চিত হওয়ার পরই ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।"
চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান বলেন, "মুরাদপুর এলাকায় রেললাইনের ওপর এখনও উল্লেখযোগ্য পরিমাণ পানি রয়েছে। রেলওয়ের নিয়ম অনুযায়ী পানি নিরাপদ পর্যায়ে না নামা পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয়।"
এর আগে টানা ভারী বর্ষণ, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে প্রশাসন। বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ জানান, চলমান ২১টি বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরে ঘোষণা করা হবে।
এদিকে অতিবৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় সড়কের একটি অংশে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে, যা ওই সড়কে চলাচলে ঝুঁকি তৈরি করেছে। পাশাপাশি চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হওয়ায় বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়েছে।
টানা পাঁচ দিনের বর্ষণ ও জলাবদ্ধতার কারণে আজ শুক্রবারও শাটল ট্রেন বন্ধ থাকায় শিক্ষার্থীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে ট্রেন চলাচল চালুর দাবি জানিয়েছেন।
বিষয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে