বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও নরওয়ের মধ্যকার বহুল প্রতীক্ষিত লড়াই শুরুর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘটে গেল ভয়াবহ এক গোলাগুলির ঘটনা। স্বাধীনতা দিবসের ২৫০তম বার্ষিকীর উৎসব চলাকালে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড এলাকায় বন্দুকধারীর গুলিতে চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (৪ জুলাই, ২০২৬) রাত ১০টা ৩৭ মিনিটের দিকে ব্রুকলিনের ওয়েস্ট ৩১তম স্ট্রিট এলাকায় গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল ঘিরে আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চারজন শিশু রয়েছেন। আহত শিশুদের বয়স যথাক্রমে ১৪, ১২, ৭ ও ৬ বছর।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, আহত সাতজনের অবস্থা স্থিতিশীল। তবে ২১ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে বা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনাটি নিয়ে নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
উল্লেখ্য, রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিলের। এর আগে স্বাধীনতা দিবসের উৎসবমুখর পরিবেশের মধ্যেই নিউইয়র্কের এ গোলাগুলির ঘটনা দেশটির জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে