জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় কার্যালয় ও ক্লাবে পরিণত করেছে বিএনপি।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের গত ছয় মাসের বিভিন্ন কর্মকাণ্ড ও সার্বিক ব্যর্থতার চিত্র তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে দেশের ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় মতাদর্শের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। একই সময়ে ১১টি সিটি করপোরেশন এবং ৬৩টি জেলা পরিষদের প্রশাসক পদেও দলীয় লোকজনকে বসানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ এসব প্রতিষ্ঠানকে মনোনয়নবঞ্চিত ও নির্বাচনে পরাজিত প্রার্থীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দেশের জ্বালানি খাতের পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই দেশে তীব্র জ্বালানি তেল সংকট দেখা দেয় এবং রেকর্ড পরিমাণে দাম বাড়ানো হয়। এর নেতিবাচক প্রভাব পড়েছে গণপরিবহন, সেচ, সারসহ অর্থনীতির বিভিন্ন খাতে।
তিনি বলেন, বর্তমানে দেশে গ্যাসের চাহিদার প্রায় ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে। এর ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে গ্যাসের চুলা জ্বলছে না। একই সঙ্গে শিল্পকারখানার উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
নাহিদ ইসলামের দাবি, গ্যাস সংকটের কারণে দেশীয় প্রতিষ্ঠানগুলো সময়মতো ক্রয়াদেশ রক্ষা করতে পারছে না। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের প্রথম দুই বছর বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হলেও মাত্র দুই মাসের মাথায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
এর সঙ্গে তীব্র লোডশেডিং, অস্বাভাবিক বিদ্যুৎ বিল এবং ক্যাপাসিটি চার্জের চাপও যুক্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত জাতীয় কমিটির সুপারিশগুলোও বর্তমান সরকার আমলে নিচ্ছে না। যেকোনো সংকট তৈরি হলেই তার দায় বিগত অন্তর্বর্তীকালীন কিংবা ফ্যাসিস্ট সরকারের ওপর চাপানোর প্রবণতা দেখা যাচ্ছে।
তার দাবি, বর্তমান সরকারের পরিস্থিতির চেয়ে অনেক বেশি প্রতিকূল ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে হয়েছে অন্তর্বর্তীকালীন প্রশাসনকে।
কৃষি ও স্বাস্থ্য খাতের পরিস্থিতির কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, প্রান্তিক কৃষকরা ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না এবং চড়া দামে সার কিনতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে দেশজুড়ে ঋণ প্রবৃদ্ধিও ক্রমাগত বাড়ছে।
স্বাস্থ্য খাতের নাজুক পরিস্থিতির কারণে মহামারি মোকাবিলায় ব্যর্থতার দায় আগের সরকারের ওপর চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, বর্তমান সরকারের সময়েও স্বাস্থ্য খাতের সংকট কাটেনি এবং কোনো বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়নি।
শিক্ষাঙ্গনগুলোতে দলীয় দখলদারিত্ব চলছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, বিরোধী মতাদর্শের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটলেও কোনো বিচার হচ্ছে না।
তিনি দাবি করেন, গত ছয় মাসে দেশে ৮০০টির বেশি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার বড় একটি অংশ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মাধ্যমে সংঘটিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সরকারের গণভোটের রায় প্রত্যাখ্যানের সিদ্ধান্তেরও সমালোচনা করা হয়। নাহিদ ইসলাম অভিযোগ করেন, এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
বিষয় : নাহিদ ইসলাম এনসিপি

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে