কুমিল্লার মুরাদনগরে ব্রাজিল ফুটবল দলের জার্সি পরিহিত এক যুবকসহ দুইজনকে মাদক সেবনের দায়ে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার নবীপুর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন নবীপুর গ্রামের আমির হোসেনের ছেলে ইমন (১৯) এবং একই গ্রামের হোসেন মিয়ার ছেলে নাজমুল (২৭)। স্থানীয়ভাবে নাজমুল ব্রাজিল ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলাউর হোসেন চৌধুরীর নির্দেশনায় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে ইমন ও নাজমুলকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী মাদকাসক্ত ও নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিঘ্নিত করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড এবং ২০০ টাকা করে জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বী বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। একই কথা জানান মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আলাউর হোসেন চৌধুরীও।
তিনি বলেন, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়মিত চলবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে