অসহায় দিনমজুর বাবার আকুতি ‘আমার মেয়েটাকে বাঁচাতে সবাই একটু এগিয়ে আসুন’
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর পাগল গ্রামের ডাক্তারপাড়া এলাকার ৮ বছরের শিশু বিবি আয়েশা হৃদরোগে আক্রান্ত। হার্টে ছিদ্র নিয়ে সে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য দ্রুত তাকে ঢাকায় নিতে হবে। এ চিকিৎসায় প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। কিন্তু অসহায় দিনমজুর বাবার পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ফলে অর্থাভাবে থমকে আছে ছোট্ট আয়েশার চিকিৎসা।
আয়েশা স্থানীয় ডাক্তারপাড়া হোসাইনিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আবুল কাশেম একজন দিনমজুর এবং মা এলিজা বেগম। অভাব-অনটনের সংসারে মেয়ের চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
পরিবার সূত্রে জানা যায়, আয়েশার হৃদরোগের সমস্যা ধরা পড়ার পর চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। অস্ত্রোপচারের জন্য প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু প্রতিদিনের উপার্জনে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে এত বড় অঙ্কের টাকা সংগ্রহ করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে আয়েশার বাবা আবুল কাশেম বলেন, আমি একজন দিনমজুর। দিন আনি, দিন খাই। অনেক কষ্টে সংসার চালাই। মেয়ের চিকিৎসার জন্য এত টাকা কোথায় পাব? টাকার অভাবে চোখের সামনে মেয়েটার চিকিৎসা করাতে পারছি না। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার মেয়েটাকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
মা এলিজা বেগমের কণ্ঠেও শুধুই কান্না আর মেয়েকে ফিরে পাওয়ার আকুতি। তিনি বলেন, আমার বুকের ধনকে বাঁচাতে আমি সবার কাছে সাহায্য চাই। আপনারা একটু সহযোগিতা করলে হয়তো আমার মেয়েটা আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। আল্লাহর কাছে দোয়া করি, কেউ যেন আমার সন্তানের মতো এমন কষ্টে না পড়ে।
স্থানীয় প্রতিবেশী আব্দুর রশিদ জানান, পরিবারটি অত্যন্ত দরিদ্র। নিজেদের পক্ষে আয়েশার চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং হৃদয়বান মানুষ এগিয়ে এলে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতে পারে।
একটি শিশুর কাছে পৃথিবী মানেই স্বপ্ন, হাসি আর বেড়ে ওঠার গল্প। অথচ মাত্র ৮ বছর বয়সেই হৃদরোগের সঙ্গে লড়তে হচ্ছে ছোট্ট আয়েশাকে। অর্থের অভাবে যেন থেমে না যায় তার বেঁচে থাকার স্বপ্ন। আসুন, যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আপনাদের সামান্য সহযোগিতাও হতে পারে আয়েশার নতুন জীবনের স্বপ্ন পূরণের বড় অবলম্বন।
য়েশার চিকিৎসায় সহযোগিতা পাঠানোর ঠিকানা:

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে