জুলাই গণঅভ্যূত্থানে অংশগ্রহণকারীদের জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। তিনি আরও জানান, কিছুদিনের মধ্যে তাদের জন্য দায়মুক্তি সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেন, ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি। জুলাই গণঅভ্যূত্থানের সৈনিকরা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিষ্ট শাসন থেকে মুক্ত করেছে। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যূত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে একটি আইন তৈরি করা হচ্ছে কিছুদিনের মধ্যে।
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি নিয়ে এ ধরণের আইন সম্পূর্ণ বৈধ বলেও উল্লেখ করেন উপদেষ্টা। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (বা গণঅভ্যূত্থানে) জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল।’
এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় একটি খসড়া দায়মুক্তি অধ্যাদেশ তৈরি করেছে বলে জানান তিনি। আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। ‘জুলাইকে’ নিরাপদ রাখা সবার পবিত্র দায়িত্ব বলে মনে করেন এ উপদেষ্টা।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

মতামত