বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় হওয়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে দলটির পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে পৃথক কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বিএনপি এবং এর তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতা-কর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় রাখার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরাও বৈঠকে অংশ নেন।
বৈঠকসংশ্লিষ্ট সূত্র জানায়, ডিসেম্বরজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো নিজ নিজ উদ্যোগে রাজনৈতিক কর্মসূচি পালন করবে। তবে এসব কর্মসূচি অন্য কোনো রাজনৈতিক দল বা পক্ষের কর্মসূচির জবাবে দেওয়া হবে না। একইভাবে প্রতিপক্ষের কর্মসূচি প্রতিহত করতে পাড়া-মহল্লায় পাহারা বসানো বা সতর্ক অবস্থান নেওয়ার মতো কোনো পরিকল্পনাও নেই।
কর্মসূচির সম্ভাব্য তালিকায় রয়েছে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি এবং সাংস্কৃতিক আয়োজন। বিএনপি ও তিন অঙ্গসংগঠন আলাদাভাবে নিজেদের কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী বিভিন্ন পেশাজীবী সংগঠনকেও নিজস্ব কর্মসূচির মাধ্যমে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন স্থানে তৎপরতার খবরও পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে ডিসেম্বরের কর্মসূচির মাধ্যমে নিজেদের সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী করতে চায় বিএনপি।
দীর্ঘদিন বিরোধী দলের ভূমিকায় থেকে আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকার পর ক্ষমতায় আসা বিএনপি এখন দলীয় ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে। বিজয়ের মাসজুড়ে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখাই দলটির অন্যতম লক্ষ্য।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’
বিষয় : বিএনপি তারেক রহমান প্রধানমন্ত্রী

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে