কুমিল্লার চান্দিনায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় ৭০ বছর বয়সী আলী আকবরকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত বোরহানকে আটক করেছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা তাকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এক পর্যায়ে হৃদযন্ত্রের সমস্যা দেখা দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আটক বোরহান চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয় এবং ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম জানিয়েছেন, আলী আকবর রসুলপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত আজগর মিয়ার মেয়ের জামাই। তিনি শ্বশুর বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। একই গ্রামের আবুল কালাম ও তার ছেলে বোরহান দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছেন। আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য বোরহানের কাছ থেকে দুই বছর আগে ৭০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন।
বোরহান ৭০ হাজারের পরিবর্তে সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করে। তিনি টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে ধরে নিয়ে রসুলপুর গ্রামের মধ্যপাড়া রাস্তার পাশে মসজিদ সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত প্রায় নির্যাতন করা হয়।
এদিকে ঘটনাটি অনেকেই মোবাইল ফোনে ধারণ করে সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই সমালোচনার ঝড় উঠে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, নির্যাতনের বিষয়টি আমাদের নজরে এলে এলাকায় অভিযান চালিয়ে রাত ১০টায় তাকে আটক করা হয়। রাত ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫

মতামত