বুধবার, ১৫ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

স্বপ্ন, প্রযুক্তি ও সম্ভাবনার অভিযাত্রা শুরু: জাবিপ্রবির ইইই বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়, নতুন স্বপ্নের উচ্ছ্বাস এবং প্রকৌশলী হয়ে ওঠার অঙ্গীকারে মুখর পরিবেশে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের স্নাতক (সম্মান) ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ জুলাই) বিকেল ৩:১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আমির হোসেন।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘নতুনের আগমন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের সূচনা। বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতার যুগে প্রবেশ করেছে। তাই দক্ষতা, উদ্ভাবনী চিন্তা, গবেষণামুখী মনোভাব এবং কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতের প্রযুক্তি নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করা যায়।’তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আকার নয়, শিক্ষার্থীর মেধা, পরিশ্রম ও সৃজনশীলতাই তার পরিচয় নির্ধারণ করে। ছোট একটি বিশ্ববিদ্যালয় থেকেও আন্তর্জাতিক মানের প্রকৌশলী ও উদ্ভাবক তৈরি হওয়া সম্ভব। এজন্য আজ থেকেই বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে হবে।’অনুষ্ঠানে ফুল, শুভেচ্ছা উপহার ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নতুন ক্যাম্পাস, নতুন সহপাঠী এবং নতুন শিক্ষাজীবনের সূচনায় উচ্ছ্বাস, আনন্দ ও প্রত্যাশায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।ইইই বিভাগের চেয়ারম্যান সিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুল হক এবং প্রভাষক আমিমুল এহসান।এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ড. মুহাম্মদ শাহজালাল, ক্রীড়া ও শরীরচর্চা দপ্তরের উপ-পরিচালক ড. সৈয়দ নাজমুল হুদা, বিজয়-২৪ হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয় জীবন, প্রকৌশল শিক্ষার নতুন যাত্রা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নিজেদের প্রত্যাশা ও অনুভূতি ব্যক্ত করেন। তারা শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক পরিবেশে মানসম্মত শিক্ষা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানের শেষ পর্বে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও বিভিন্ন জাতীয় আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নতুন শিক্ষার্থীদের সফল শিক্ষাজীবন, প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন এবং দেশ-জাতির কল্যাণে দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে ওঠার প্রার্থনার মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

স্বপ্ন, প্রযুক্তি ও সম্ভাবনার অভিযাত্রা শুরু: জাবিপ্রবির ইইই বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত