চাঁদপুরে ২২তম জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ৩-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় একতরফা আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় ফরিদগঞ্জ।
জাতীয় দলের সাবেক ফুটবলার রেজাউল করিম রেজার নেতৃত্বে শক্তিশালী দল নিয়ে মাঠে নামে ফরিদগঞ্জ। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে কচুয়ার রক্ষণভাগের দৃঢ়তায় গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় দলটিকে।
প্রথমার্ধের শেষ মুহূর্তে ফরিদগঞ্জের এক ফরোয়ার্ডের আক্রমণ প্রতিহত করতে গিয়ে কচুয়ার রক্ষণভাগের খেলোয়াড় ফাউল করলে পেনাল্টি পায় ফরিদগঞ্জ। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন পুষ্প। ফলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফরিদগঞ্জ।
দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে আরও মরিয়া হয়ে ওঠে ফরিদগঞ্জ। আক্রমণের ধার বাড়িয়ে কচুয়ার রক্ষণভাগে একের পর এক চাপ সৃষ্টি করে তারা। এ সময় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ১৪ নম্বর জার্সিধারী নাজমুল হোসেন। মাঠে নেমেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। দুর্দান্ত নৈপুণ্যে পরপর দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন নাজমুল। শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে ম্যাচ শেষ হয়।
এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিল ফরিদগঞ্জ উপজেলা দল। অন্যদিকে পরাজয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো কচুয়া উপজেলা দলকে।
খেলা উপভোগ করতে চাঁদপুর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান মানিক, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল, বর্তমান কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন জনু এবং চাঁদপুর আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক বেলাল হোসেন চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মনজিল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলাল, টিম ম্যানেজার নুরুন্নবী নোমান, সদর উপজেলা ফুটবল দলের কোচ জাহাঙ্গীর গাজি, জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক ও জাহাঙ্গীর পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা দলের কোচ স্বপন ও আমিন মোল্লা, অঙ্গনা ক্রীড়া চক্রের রিফাই ও মহসিন পাটওয়ারীসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংগঠক।
ম্যাচকে ঘিরে চাঁদপুর স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। বিশেষ করে ফরিদগঞ্জ দলের সমর্থকদের উপস্থিতি ও উচ্ছ্বাসে স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, সোমবার (১৬ নভেম্বর) টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা। এ ম্যাচের মধ্য দিয়ে প্রথম রাউন্ডের খেলা শেষ হবে।
বিষয় : ফুটবল

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে