ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। এ বিষয়ে সোমবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তার আইনজীবীদের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে আবেদনটি পাঠান। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর দূতাবাসের কাছে এটিই শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের প্রথম আবেদন।
আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনার কথা সামনে আসার পর নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য এই উদ্যোগকে তার প্রত্যাবর্তনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে তার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও আইনি পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।
দূতাবাসে পাঠানো চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, ২০২৪ সালের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার পূর্ববর্তী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ কারণে বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে তাকে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে আবেদন দুটি দ্রুত বিবেচনার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির অধীনে বাংলাদেশের দায়িত্ব ও বাধ্যবাধকতার বিষয়টিও চিঠিতে তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্রদের বক্তব্য জানতে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত তাদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনা জানিয়েছিলেন, বাংলাদেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে আগ্রহী। সোমবার তার সহযোগীরাও জানিয়েছেন, দেশে ফেরার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর প্রত্যাবর্তনের নির্দিষ্ট তারিখ জানানো হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। পরবর্তী সময়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির বহু নেতা-কর্মী কারাগারে রয়েছেন, অন্যদিকে অনেকে দেশ ছেড়ে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।
প্রায় দুই দশক বিভিন্ন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো দেশের একটি অংশের সমর্থন রয়েছে। ফলে তার সম্ভাব্য প্রত্যাবর্তন দেশের বিদ্যমান রাজনৈতিক মেরুকরণকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর থেকেই ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে তার দেশে ফেরার উদ্যোগ দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও নতুন প্রভাব ফেলতে পারে।
বিষয় : শেখ হাসিনা দিল্লি

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে