প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে তাঁর সফরসঙ্গী হচ্ছেন আম জনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে তাঁর জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
নিজের জাপান সফরের বিষয়টি রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানান আম জনতা দলের এই নেতা। পোস্টে তিনি লেখেন, “আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।”
চার দিনের সফরে প্রধানমন্ত্রী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। সফরসঙ্গীদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান। এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরাও সফরে অংশ নেবেন।
সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পাবে। বিশেষ করে মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানো, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং পারস্পরিক অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ ছাড়া দুই দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা, শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।
বিষয় : আমজনতার দল মোঃ তারেক রহমান

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে