কয়েক দফা দরপতনের পর মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা বেড়েছে।
চলতি সপ্তাহে জাতিসংঘের বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার বিষয়ে আশাবাদ কমে যাওয়ায় তেলের দাম বেড়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ০০:২১ জিএমটি পর্যন্ত নভেম্বর সরবরাহের ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ২২ সেন্ট বা ০.২২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০০.৫৭ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে, সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৯.৬৯ ডলারে নেমে আসে।
এদিকে, অক্টোবর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে। এর দাম ২ সেন্ট বা ০.০২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫.৮০ ডলারে লেনদেন হয়েছে।
অন্যদিকে, বাজারে বেশি সক্রিয় নভেম্বর সরবরাহের ডব্লিউটিআই চুক্তির দাম ১৩ সেন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২.৪৯ ডলারে পৌঁছেছে।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো কূটনৈতিক অগ্রগতি হয় কি না, সেদিকেই এখন বাজারের নজর। সম্ভাব্য আলোচনা বা উত্তেজনা প্রশমনের উদ্যোগ বিশ্ববাজারে তেলের সরবরাহ ও ভূরাজনৈতিক ঝুঁকির হিসাবকে প্রভাবিত করতে পারে।
বিষয় : জ্বালানি তেল

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে