চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজারের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক দখল করে হকারদের ব্যবসা করার কারণে প্রতিনিয়ত যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক (বিসমিল্লাহ মোড়) থেকে থানা রোড এবং সোনালী ব্যাংকের সামনের তিন রাস্তার মোড় পর্যন্ত এলাকায় এ সমস্যা প্রকট হয়ে উঠেছে।
হাইমচর উপজেলার প্রাণকেন্দ্র আলগী বাজারকে ঘিরেই গড়ে উঠেছে সকল ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক,ডায়াগনস্টিক সেন্টার সহ অন্যান্য সরকারি বেসরকারি অফিসগুলো। এতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করে এ বাজারে। বাজারের কয়েকটি প্রধান সড়ক হকারদের দখলে। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রোড।
প্রতিবেদক নিজে খেয়াল করছেন, বেশ কয়েক মাস ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কের একাংশ দখল করে বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ দোকান বসানো হচ্ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত সবজি, ফলমূল ও গাছপালার চারা বিক্রির ভ্যান নিয়ে সড়কের পাশে বসেন হকাররা। অন্যদিকে, সন্ধ্যার পর একই সড়কে বসতে থাকে ভ্রাম্যমাণ খাবার ও পণ্যের দোকান। কেউ হালিম, চটপটি ও ঝালমুড়ি বিক্রি করেন, আবার কেউ পোশাক ও খেলনাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে বসেন।
এতে ব্যস্ততম সড়কটির উল্লেখযোগ্য অংশ সংকুচিত হয়ে পড়ে। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং ব্যস্ত সময়ে যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও সাধারণ মানুষকে। বিশেষ করে হাসপাতালগামী রোগীবাহী যানবাহন, অ্যাম্বুলেন্স ও প্রশাসনিক গাড়ি চলাচলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। প্রায় সময় লম্বা জ্যাম পড়ে থাকতে দেখা যায়
এর আগে কয়েকবার সড়ক থেকে হকারদের উচ্ছেদ করা হলেও সাময়িক সময়ের জন্য ঠিক থাকে। কিছুক্ষন পর আবারও আগের মতো দোকান বসতে শুরু করে। ফলে স্থায়ী সমাধান না হওয়ায় যানজট ও জনদুর্ভোগ থেকেই যাচ্ছে।
গোলাম রাব্বানী নামক এক স্থানীয় যুবক বলেন, হাসপাতালের মত গুরুত্বপূর্ণ জায়গার সামনে এসব ব্যবসা প্রতিষ্ঠান বসা দুঃখজনক। সড়কটি হকারমুক্ত করে যান চলাচল স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন। একই সঙ্গে হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট স্থানে বসার কথাও বলেছেন।
অনেক ব্যবসায়ী বলছেন,দীর্ঘ কয়েক বছর ধরে আলগী বাজার ব্যবসায়ী কমিটির কার্যকর কোন পদক্ষেপ না থাকায় দিন দিন এই ধরনের সমস্যা বেড়েই চলছে।
আলগী বাজারের এ সড়কটি শুধু বাজারের যোগাযোগের পথ নয়; উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থানা উপজেলা যাতায়াতের জন্যও গুরুত্বপূর্ণ। তাই সড়কটির স্বাভাবিক চলাচল ব্যাহত হলে জরুরি প্রয়োজনে হাসপাতালে যাওয়া রোগীদেরও সমস্যায় পড়তে হতে পারে।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে