শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে চাঁদপুর পৌরসভার ৩৫টি পূজামণ্ডপে অনুদানের চেক এবং মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চলাকালে জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে ২ হাজার ৪৭৬ জন জেলের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর পৌর পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। প্রতিটি পূজামণ্ডপকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। একই অনুষ্ঠানে পৌর এলাকার নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমও অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি চক্র ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে যাতে সবাই নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজা আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ চেতনায় পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপন করতে হবে।
অসহায় ও দরিদ্র মানুষের সহায়তার বিষয়ে সংসদ সদস্য বলেন, চাঁদপুর সদর ও হাইমচরের অসহায় মানুষের মধ্যে মোট এক হাজার শাড়ি বিতরণ করা হবে। এর মধ্যে চাঁদপুর সদরে ৭০০টি এবং হাইমচরে ৩০০টি শাড়ি দেওয়া হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চাঁদপুর পৌরসভার প্রশাসক দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে এবং নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (নূর আজম শরীফ)-এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি। এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশের প্রজনন সুরক্ষায় চাঁদপুর পৌর এলাকার ২ হাজার ৪৭৬ জন জেলের মধ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। সে হিসাবে মোট ৬১ হাজার ৯০০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, মা ইলিশের প্রজনন মৌসুমে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের খাদ্যসহায়তা দেওয়া এবং নিষেধাজ্ঞা মেনে চলতে উৎসাহিত করার লক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় এ চাল বিতরণ করা হয়।
বিষয় : চাঁদপুর ৩

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে