রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাওয়ার পথে নিজের অনুভূতি ও ইতিহাসের নানা দিক তুলে ধরে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেওয়া ওই পোস্টে তিনি মুসলিম ইতিহাসে মক্কা থেকে হিজরতকারী সাহাবিদের অভিজ্ঞতা, মদিনার আনসারদের আতিথেয়তা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শরণার্থী হওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।
ব্যারিস্টার আরমান লেখেন, মক্কার বিত্তবান সাহাবিরা একসময় নিজ ভূমি থেকে বিতাড়িত হয়ে উদ্বাস্তু হয়েছিলেন। মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান আলী (রা.) মদিনায় গিয়ে জীবিকার জন্য শ্রমিকের কাজ করেছেন। অন্যদিকে, মদিনার আনসারদের আতিথেয়তা যুগ যুগ ধরে মুসলমানদের অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বাঙালিরাও একসময় বাস্তুচ্যুত হয়ে শরণার্থী হয়েছিল। শরণার্থী ক্যাম্পে বিতরণ করা খাবারের ওপর নির্ভর করে বেঁচে থাকতে হয়েছে অনেককে। অথচ তাঁদের মধ্যে অনেকে নিজ এলাকায় পেশাজীবী ও সমাজের সম্মানিত ব্যক্তি ছিলেন।
বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতের অভিজ্ঞতার তুলনা করে তিনি লেখেন, ইতিহাসের আবর্তে আজ বাংলাদেশ লাখো মানুষের আশ্রয়দাতা। যাঁরা নিজ দেশে স্বচ্ছল ও সম্মানিত ছিলেন, তাঁরাই আজ বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।
সিরিয়া ও ইউক্রেনের উদাহরণ টেনে ব্যারিস্টার আরমান বলেন, আল্লাহর হিকমতে কে বাস্তুচ্যুত হবে আর কে আশ্রয়দাতা হবে, তা মানুষের নিয়ন্ত্রণে নয়। সিরিয়া ও ইউক্রেনের পরিস্থিতি বিশ্ববাসী নিজেদের চোখের সামনেই দেখেছে। এক রাতের ব্যবধানে একটি জাতির বহু মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে।
পোস্টে তিনি প্রশ্ন তোলেন, আল্লাহ যখন মানুষকে শরণার্থী না বানিয়ে অন্যকে আশ্রয় দেওয়ার সুযোগ দিয়েছেন, তখন সেই রবের সামনে মানুষের মাথা নত করা উচিত নয় কি?
নিজের বক্তব্যের সমর্থনে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত উদ্ধৃত করেন তিনি। আয়াতটিতে আল্লাহর সার্বভৌম ক্ষমতা, ইচ্ছানুযায়ী ক্ষমতা ও সম্মান দান এবং তা প্রত্যাহারের বিষয়টি তুলে ধরা হয়েছে।
পোস্টের শেষাংশে ব্যারিস্টার আরমান লেখেন, সমস্ত কর্তৃত্ব আল্লাহর হাতে। মানুষ তাঁরই ইবাদত করে এবং তাঁর কাছেই আশ্রয় প্রার্থনা করে।
উল্লেখ্য, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান) ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিরও সদস্য।
বিষয় : ব্যারিস্টার আরমান

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে