কারিগরি শিক্ষার্থীদের পেশাগত দিকনির্দেশনা ও চাকরির বাজারের বাস্তব প্রস্তুতি সম্পর্কে সঠিক ধারণা দিতে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার মিটআপ দিনাজপুর ২০২৬’। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তৌহিদ অ্যাসোসিয়েটসের আয়োজনে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ জাহাঙ্গীর অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
আয়োজনে স্পিকার হিসেবে বাস্তবমুখী দিকনির্দেশনা দেন বিডিজবস ডটকমের হেড অব প্রোগ্রামস মোহাম্মদ আলী ফিরোজ, প্রাণ-আরএফএল গ্রুপের এইচআর প্রফেশনাল মো. জুবায়ের হোসেন, ন্যাশনাল টিউবস লিমিটেডের প্রকৌশলী আমিনুর রহমান রাসেল, ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড স্কিলস ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা মো. রাশেদুজ্জামান, সাদিয়া আইটির সিইও মো. রায়হান মিয়া এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর ইফতেখার আলম।
বক্তারা বর্তমান চাকরির বাজার, মানসম্মত সিভি তৈরি, কর্পোরেট গ্রুমিং এবং সরকারি ও বেসরকারি খাতে ক্যারিয়ার গড়ার নানা দিক নিয়ে নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ইন্ডাস্ট্রির চাহিদামতো কারিগরি ও সফট স্কিল অর্জনের ওপর তারা বিশেষ গুরুত্ব দেন।
এই আয়োজন সম্পর্কে তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (এডমিশন এন্ড ইনফরমেশন) ও আয়োজক মো. তৌহিদুজ্জামান বলেন, "কারিগরি শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ। কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে অনেকেই পড়াশোনা শেষে চাকরির বাজারে গিয়ে পিছিয়ে পড়ে। ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মাঝের এই দূরত্ব কমাতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই শিক্ষার্থীরা যেন শিক্ষাজীবন থেকেই নিজেদের ক্যারিয়ারের জন্য প্রস্তুত করতে পারে।"
এমন বাস্তবমুখী আয়োজনের জন্য অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সম্পূর্ণ আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে সার্বিক সহযোগিতা করেছে দেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা ‘হক পাবলিকেশনস’। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দ্য ঢাকা নিউজ।
উল্লেখ্য, তৌহিদ অ্যাসোসিয়েটস বিগত চার বছর ধরে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় এ ধরণের আয়োজন করে আসছে।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে