চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার এই কৃতি সন্তানকে ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক ড. লোকমান হোসেন ১৯৭৫ সালের ২ জানুয়ারি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক (বিএসসি) ও স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং চীনের শীর্ষস্থানীয় পিকিং বিশ্ববিদ্যালয় থেকে জৈব সংশ্লেষণ (অর্গানিক সিনথেসিস) বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
২০২৬ সালের ২২ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এই নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ২১(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগ পর্যন্ত-যেটি আগে হবে-উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
এ সময় তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
রসায়ন শিক্ষায় তাঁর বহুমুখী গবেষণা রয়েছে। বর্তমানে তিনি পরিবেশ রসায়ন, বিশেষ করে বায়ুদূষণ ও জৈব দূষক নিয়ে কাজ করছেন। দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা জার্নালে তাঁর ২১টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল গবেষণায় অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তিনি মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্টস একাডেমি অ্যাওয়ার্ড’ অর্জন করেন।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি নবীন প্রতিষ্ঠানে প্রথম প্রো-উপাচার্য হিসেবে তাঁর এই যোগদান বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিষয় : চাঁদপুর

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে