চাঁদপুরের হাইমচর উপজেলার কেবিএন উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক লিয়াকত আলী স্যার ও সৈয়দ আহম্মেদ স্যারের বিদায়ী সংবর্ধনা আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ বিভিন্ন কার্যক্রম নিয়েও সভায় আলোচনা করা হয়।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিএন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী। এছাড়া বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, প্রধান শিক্ষক বিশ্বজিৎ নাথ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং সাবেক শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন বক্তব্য দেন। তারা বিদ্যালয়ের সঙ্গে নিজেদের স্মৃতিচারণের পাশাপাশি শিক্ষকদের অবদান ও তাদের সঙ্গে কাটানো বিভিন্ন সময়ের কথা তুলে ধরেন।
বক্তারা দুই শিক্ষকের বিদায়ী সংবর্ধনা কীভাবে আরও সুন্দর ও স্মরণীয় করে আয়োজন করা যায়, সে বিষয়ে বিভিন্ন মতামত দেন। একই সঙ্গে বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে অবসর নেওয়া বা বিদায় নেওয়া শিক্ষকদের অনেকের জন্য আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা সম্ভব হয়নি উল্লেখ করে, ভবিষ্যতে তাদেরও সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা বলেন তারা।
এ সময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বৃহৎ পূর্ণমিলনী আয়োজনের বিষয়েও আলোচনা হয়। বক্তারা মনে করেন, দুই শিক্ষকের বিদায়ী সংবর্ধনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও শিক্ষকদের একত্রিত করার সুযোগ তৈরি হতে পারে।
সভায় কেবিএন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী বিদ্যালয়ের সার্বিক বিভিন্ন দিক তুলে ধরেন। উপস্থিত শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এবং সাপ্তাহিক ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১৪ নভেম্বর শনিবার লিয়াকত স্যার ও সৈয়দ আহম্মেদ স্যারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়।
সভায় অনুষ্ঠানের অন্যান্য প্রস্তুতি, সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের সম্পৃক্ততা এবং আয়োজনকে স্মরণীয় করে তোলার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।
জানা গেছে, চলতি অক্টোবর মাসের ১৪ তারিখ লিয়াকত স্যার ও সৈয়দ আহম্মেদ স্যারের শেষ কর্মদিবস। দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের আনুষ্ঠানিক সমাপ্তিকে ঘিরে আগামী ১৪ নভেম্বর তাদের বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হবে।
আয়োজকদের প্রত্যাশা, এই বিদায়ী সংবর্ধনা শুধু দুই শিক্ষকের বিদায় অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে না; বরং কেবিএন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে যুক্ত থাকা শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এটি একটি স্মরণীয় মিলনমেলায় পরিণত হবে।
বিষয় : শিক্ষার্থী শিক্ষক চাঁদপুর

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে