মানবিকতা, তারুণ্য ও পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফৌজদারি এলাকায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত এক বছর ধরে সংগঠনটি পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা সহায়তা দেওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে ‘সবুজ স্বপ্ন’র উদ্যোক্তা ও সভাপতি আরমান আলিফ বলেন, ‘আমরা পথশিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় কাজ করার চেষ্টা করেছি। এটি কেবল শুরু, আমাদের পথ এখনো অনেক বাকি।’ সাধারণ সম্পাদক শাহরিয়ার বিদ্যুৎ বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই সবুজ স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল।’ সংগঠনের কার্যক্রমে সহযোগিতা করা শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত এক অভিভাবক বলেন, শীতের সময় অনেক শিশু বাইরে আসতে চায় না। এ কারণে সন্তানদের পড়াশোনার দায়িত্ব সংগঠনের সদস্যদের কাছে দিয়ে তাদের পাঠানো হয়। আরেক নারী অভিভাবক বলেন, ‘আমরা অনেক সময় দায়িত্বহীন হয়ে পড়ি। এরপরও যদি আমাদের সন্তানদের পড়াশোনা করানো হয়, আমরা তাদের নিয়ে আসব এবং সব সময় সহযোগিতা করব।’
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন কাওসার অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘শিশুদের ছোটখাটো কাজে যুক্ত না করে পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।’ এ সময় জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাবিপ্রবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী, ড. আল মামুন সরকার, মুহাম্মদ হাসান, ইমরুল কবির, প্রভাষক মো. বেলাল হোসেন ও হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও পরিবেশ সুরক্ষায় ‘সবুজ স্বপ্ন’র বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত শিশু, তাদের অভিভাবক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে