পরিসংখ্যান বলছে, লাল কার্ডের সিংহাসন দখলে রেখেছে ব্রাজিল। বিশ্বকাপের সবচেয়ে সফল দলটিই সবচেয়ে বেশি লাল কার্ডের মালিক। ১১৫ ম্যাচে সেলেসাওরা ১১ বার লাল কার্ড দেখেছে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।
২০২৬ বিশ্বকাপ নানা কারণেই আলোচনার জন্ম দিচ্ছে। এর মধ্যে অন্যতম কার্ড প্রসঙ্গ। দক্ষিণ আফ্রিকা–মেক্সিকো উদ্বোধনী ম্যাচেই দেখা গেছে তিনটি লাল কার্ড, যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনাগুলোর একটি।
অবাক করার মতো বিষয় হলো, ২০২২ কাতার বিশ্বকাপে পুরো আসরে যেখানে মাত্র চারটি লাল কার্ড দেখানো হয়েছিল, সেখানে ২০২৬ বিশ্বকাপের প্রথম রাতেই বের হয়েছে তিনটি লাল কার্ড।
২০০৬ সালের কুখ্যাত পর্তুগাল–নেদারল্যান্ডস ম্যাচের পর একটি ম্যাচে এত লাল কার্ড আর দেখা যায়নি। ফলে প্রশ্ন উঠছে—বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে আক্রমণাত্মক দল কোনটি?
পরিসংখ্যান অনুযায়ী, সেই তালিকায় শীর্ষে ব্রাজিল। ১১৫ ম্যাচে ১১টি লাল কার্ড নিয়ে সবার ওপরে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তাদের পরেই রয়েছে আর্জেন্টিনা ও ক্যামেরুন। দুই দলের ঝুলিতেই আছে ৯টি করে লাল কার্ড। তবে ক্যামেরুনের পরিসংখ্যান বেশ বিস্ময়কর। আর্জেন্টিনার তুলনায় ৬২ ম্যাচ কম খেলেও তারা সমানসংখ্যক লাল কার্ড দেখেছে।
আরও অবাক করার বিষয় হলো, ব্রাজিলের চেয়ে ৮৯ ম্যাচ কম খেলেও মাত্র দুটি লাল কার্ডে পিছিয়ে রয়েছে আফ্রিকার দলটি। মাত্র ২৭ ম্যাচ খেলেই তারা ৯টি লাল কার্ড দেখেছে, যেখানে আর্জেন্টিনা খেলেছে ৮৯টি ম্যাচ।
৮টি করে লাল কার্ড নিয়ে পরের অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস, ইতালি ও উরুগুয়ে। এরপর ৭টি করে লাল কার্ড নিয়ে আছে জার্মানি ও মেক্সিকো। শীর্ষ দশ পূর্ণ করেছে ফ্রান্স ও পর্তুগাল, যাদের প্রত্যেকের লাল কার্ড সংখ্যা ৬।
তবে কার্ডের রং যদি হলুদ হয়, তাহলে সবার ওপরে আর্জেন্টিনা। এ তালিকায় একচ্ছত্র আধিপত্য আলবিসেলেস্তেদের। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ১২২টি হলুদ কার্ড দেখেছে তারা।
তাদের ঠিক পেছনে রয়েছে জার্মানি (১১৮), ব্রাজিল (১১১), নেদারল্যান্ডস (১০৩) ও ইতালি (৯০)। এরপর রয়েছে মেক্সিকো (৮৫), ফ্রান্স (৭৭), দক্ষিণ কোরিয়া (৭৬), উরুগুয়ে (৭৪) এবং স্পেন (৬৬)।
তবে গড়ের হিসাবে সবচেয়ে নজরকাড়া ক্রোয়েশিয়া। মাত্র ৩০ ম্যাচ খেলেই তারা পেয়েছে ৫৮টি হলুদ কার্ড। অর্থাৎ ম্যাচপ্রতি প্রায় ১.৯৩টি হলুদ কার্ড, যা তালিকার অনেক বড় দলের চেয়েও বেশি।
সব মিলিয়ে, সুন্দর ফুটবলের পাশাপাশি কঠোর ট্যাকল, উত্তেজনা এবং কার্ডের গল্পও বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ। টুর্নামেন্টের শুরুতেই যে ইঙ্গিত মিলছে, তাতে এবার সেই ইতিহাসে নতুন অধ্যায় যোগ হওয়ার সম্ভাবনাই বেশি।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে