তরুণদের মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের বৈদ্দ্যেরখীল গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই আয়োজন করে সামাজিক সংগঠন “বৈদ্দ্যেরখীল জনকল্যাণ পরিষদ”।
বৈদ্দ্যেরখীল পরিষদের মাঠে আয়োজিত জমকালো ফাইনাল খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলরসহ গণ্যমান্য মুরব্বি রফিক উদ্দিন সিদ্দিকি, স্থানীয় সমাজসেবক, যুবসমাজ এবং ক্লাবের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, বর্তমানে খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়ায় অনেক তরুণ মাদক ও মোবাইল আসক্তির দিকে ঝুঁকে পড়ছে। এ বাস্তবতা থেকে যুবসমাজকে রক্ষা করতে গ্রামবাসীর সহযোগিতায় সীমান্ত এলাকায় একটি বড় মাঠ গড়ে তোলা হয়েছে। সেখানে সারা বছর ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা পরিচালিত হয়।
ফাইনাল ম্যাচের উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুবসমাজকে মাদক, ইভটিজিং ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও খেলাধুলাভিত্তিক সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং সীমান্তবর্তী অঞ্চলে তরুণদের সঠিক পথে রাখতে এমন আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানান।
এলাকাবাসীর মতে, খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এই উদ্যোগ সমাজে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে