সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে তেহরানের আকাশে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। একইসঙ্গে সক্রিয় হতে দেখা যায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও। হামলার পর রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে ইতিবাচক বার্তা আসার মাত্র একদিনের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। এর আগে ইসরাইল এ ধরনের সমঝোতা নিয়ে আপত্তি জানিয়েছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় দাবি করেন, হামলায় ইরানের সামরিক স্থাপনাগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। একইসঙ্গে তিনি জানান, ইরানের হুমকির মধ্যেও হরমুজ প্রণালি অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের তিনটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ।
এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড-সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও দ্রুতগামী ছোট নৌযান ব্যবহার করে মার্কিন রণতরীগুলোর ওপর হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি।
অন্যদিকে ইরানও পাল্টা হামলার দায় স্বীকার করেছে। তেহরানের দাবি, হরমুজ প্রণালিতে ইরানের তেলবাহী ট্যাংকারে হামলার জবাবে আইআরজিসি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া ইরানের আব্বাস ও কেশম বন্দরে হামলার তথ্যও স্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
তীব্র উত্তেজনার মধ্যেও দুই পক্ষের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা পুরোপুরি বন্ধ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
বিষয় : ডোনাল্ড ট্রাম্প

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে