সন্তান পরীক্ষায় খারাপ ফলাফল করলে তাকে অবহেলা বা নিরুৎসাহিত করা যাবে না; বরং তার পাশে দাঁড়িয়ে সাহস ও মানসিক সমর্থন দিতে হবে। অভিভাবকদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর সরকারি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৯ জন শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নিজের মেয়ের পরীক্ষার ফলাফলের অভিজ্ঞতা তুলে ধরে এমপি মানিক বলেন, অষ্টম শ্রেণিতে গণিতে প্রত্যাশার চেয়ে কম নম্বর পাওয়ার পরও মেয়েকে বকাঝকা না করে উৎসাহ ও সমর্থন দিয়েছেন। পরবর্তী সময়ে তার ফলাফলের উন্নতি হয়েছে। এ অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, সন্তানদের প্রতি অভিভাবকদের ইতিবাচক মনোভাব ও সহযোগিতা তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, সন্তানদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অভিভাবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। চাঁদপুর সরকারি কলেজের সুন্দর শিক্ষার পরিবেশকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের শ্রম, মেধা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে আবারও চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান মিয়া, সংবর্ধিত শিক্ষার্থী জাহিদুল ইসলাম নিহাল এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাত।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আলমগীর হোসেন বাহার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল কুদ্দুস সানী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহবুবুর রহমান এবং গীতা পাঠ করেন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অঙ্কন মজুমদার।
বিষয় : মেধাবী শিক্ষার্থী

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে