জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিএনপি সরকারের ১৮০ দিনের অর্জন ও অগ্রগতি শীর্ষক লিফলেট বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মাঝে সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার উদ্দেশ্যে এই কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের হাতে এই লিফলেট তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সরকারের বিগত ছয় মাসের বিভিন্ন সাফল্য, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা খাতের উন্নয়ন এবং রাষ্ট্র মেরামতের নানা উদ্যোগ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়। এতে স্থান পায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাদ্যনিরাপত্তা, খাল পূনঃখনন, বৃক্ষরোপন, বাজেট ও বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া বৈদেশিক ঋণ পরিশোধের অগ্রগতিসহ সরকারের গৃহীত ও বাস্তবায়িত নানা কর্মসূচি৷
লিফলেট বিতরণকালে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, দেশের গণতান্ত্রিক ধারা সুসংহতকরণ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে বর্তমান সরকারের গত ১৮০ দিনের অর্জন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণ শিক্ষার্থীদের মাঝে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তরুণ সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের এই প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
কার্যক্রম চলাকালে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় এবং ছাত্রদলের এই ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানান অনেকেই। এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদ ও সদস্য সচিব যীনাত মিয়া আজিজুলের নেতৃত্বে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে