জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের নাম ও পরিচয় ব্যবহার করে ছাত্রশিবিরের কার্যক্রম পরিচালনার অভিযোগ তুলে এবং সদস্যদের সাংগঠনিক পরিচয় প্রকাশের জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে ক্যাম্পাসে ভয়ভীতি প্রদর্শন ও ভিত্তিহীনভাবে দু-তিনশ সদস্য দাবিকে সঠিকভাবে যাচাই ও প্রকাশ করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে উপাচার্য বরাবর ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদ ও সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল সাক্ষরিত স্মারকলিপি পেশ করা হয়৷ স্মারকলিপিতে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং একটি শান্তিপূর্ণ ও ভয়ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সম্প্রতি ক্যাম্পাসে একটি ছাত্রসংগঠনের কার্যক্রমকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। বিশেষ করে, বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতির পক্ষ থেকে গণমাধ্যমে তিনশ সদস্য থাকার দাবি করা হয়েছে বলে জানা গেছে। এই দাবির স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সদস্যদের প্রকৃত পরিচয় ও সাংগঠনিক সম্পৃক্ততা সঠিকভাবে যাচাই করার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের নাম ও পরিচয় ব্যবহার করে তাদের অজ্ঞাতসারে গোপন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করার আহ্বান জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে ভয়ভীতি, চাপ বা হুমকি প্রদর্শন করা হচ্ছে—এমন অভিযোগেরও সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। এছাড়া কোনো শিক্ষার্থীর অনুমতি ব্যতীত তার নাম, পরিচয়, বক্তব্য বা ব্যক্তিগত তথ্য সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়ে থাকলে তাও তদন্তের আওতায় আনার অনুরোধ করা হয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের লক্ষ্যে শিক্ষার্থীদের বক্তব্য গ্রহণ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত শোনার মাধ্যমে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানিয়েছে ছাত্রদল। পাশাপাশি তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি ও শৃঙ্খলাবিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
উক্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তপূর্বক সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জোরালো আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে