প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি-পরিচালিত রান্না করা খাদ্য বিতরণ কর্মসূচির পুষ্টিগত মান উন্নয়ন বিষয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা এফএমকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় তোপখানা রোডস্থ রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে আশার আলো সোসাইটি। কর্মসূচির মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে বাংলা এফএম।
অনুষ্ঠানের সমাপনী পর্বে সমাজসেবা ও মানবিক কার্যক্রমে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং জনসচেতনতা তৈরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা এফএমকে এ সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও আশার আলো সোসাইটিকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহাজাহান। বিশেষ অতিথি (গেস্ট অব অনার) হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. আলী আব্বাস মোহাম্মদ খোরশেদ এবং সাউথ এশিয়া, আউচান রিটেইলের কমপ্লায়েন্স ম্যানেজার সাইফুল আলম মল্লিক।
বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকারি, বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, খাদ্য সহায়তার পাশাপাশি পুষ্টিমান নিশ্চিত করাও টেকসই উন্নয়ন ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুর রহমান। পরে সংগঠনটির টেকনিক্যাল অ্যাডভাইজার (ফুড সিস্টেম অ্যান্ড নিউট্রিশন) মো. শাহজাহান মাতুব্বর প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও বাস্তব চিত্র উপস্থাপন করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক (অর্থ) মোহাম্মদ জামাল উদ্দিন।
সমাপনী বক্তব্যে বাংলা এফএম-এর সম্পাদক রাশেদ মানিক বলেন, “বিদ্যানন্দ ও আশার আলো সোসাইটির মতো প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সমাজের সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে প্রতিদিন খাদ্যের জন্য সংগ্রাম করা মানুষের পাশে আরও কার্যকরভাবে দাঁড়ানো সম্ভব হবে। শুধু খাবার বিতরণ নয়, পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাও আমাদের সম্মিলিত দায়িত্ব।”
বিষয় : বাংলা এফএম

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে