সিলেটের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো গণনা করা হবে।
আগামী শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে এই গণনা কার্যক্রম অনুষ্ঠিত হবে। বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক রেজাউল হাসান কয়েস লোদী। তিনি জানান, এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১২ জুন সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শনে যান। এ সময় তিনি মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন বিকেলে মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়, পাশাপাশি দানের অর্থ সংরক্ষণে ব্যবহৃত ঐতিহাসিক তিনটি দানের ডেক ও একটি দানবাক্স সিলগালা করা হয়।
পরবর্তীতে গত ২২ জুন ৭০০ বছরের প্রথা ভেঙে মাজারের ঐতিহাসিক ডেক ও দানবাক্স খোলা হয়। সেদিন গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যা সোনালী ব্যাংকের একটি নতুন হিসাবে জমা রাখা হয়।
মাজারের ব্যবস্থাপনা নিয়ে সৃষ্ট আলোচনা-সমালোচনার মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে প্রত্যাহারের পর এবার নতুন গঠিত কমিটির তত্ত্বাবধানে ফের এই গণনা ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। এবারের গণনাকৃত অর্থও জেলা প্রশাসকের সোনালী ব্যাংকের ওই নির্ধারিত হিসাবেই জমা রাখা হবে।
বিষয় : শাহজালাল মাজার দুর্নীতি টাকা গণনা

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে