রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বিমানবন্দর সেবা আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও হ'য়রানিমুক্ত করতে সরকার ধাপে ধাপে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়ন ও ব্যবস্থাপনায় আধুনিক ট্রলি হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যাত্রীসেবার মানোন্নয়নের অংশ হিসেবে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় এসব নতুন ট্রলি হস্তান্তর করেন মন্ত্রী। অনুষ্ঠানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রবাসীদের সুবিধা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী বলেন, "পৃথিবী যতদিন থাকবে, সমস্যা ততদিন থাকবে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নিয়েছে। প্রবাসীরা যাতে নিজ দেশে পা রেখেই সম্মানজনক সেবা পান, সে পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।"
তিনি আরও জানান, প্রবাসীদের নানাবিধ অভিযোগ ও স্থানীয় সমস্যাগুলো সরাসরি শোনার জন্য সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসকদের সপ্তাহে অন্তত একদিন নির্দিষ্ট সময় বরাদ্দ রাখার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী জানান, মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর নামে যেসব রিক্রুটিং এজেন্সি অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া কিংবা প্র'তারণার আশ্রয় নিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। সরকার ইতোমধ্যে চিহ্নিত অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, বিমানবন্দরে প্রবাসীদের জন্য পৃথক প্রবাসী করিডোর স্থাপন এবং প্রবাসী ব্যাংকের আধুনিকায়নসহ রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণে বহুমুখী নতুন সেবা চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার।
বিষয় : বিএনপি বিমানবন্দর

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে