আয়োজক সূত্রে জানা যায়, বিদ্রোহী হল থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়ধ্বনি মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের সামনের সারিতে বহন করা হয় প্রায় ২০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, যা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ ও উচ্ছ্বাসের জন্ম দেয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার। আয়োজনকে আরও বর্ণিল করে তুলতে ব্যবহার করা হয় পার্টি স্প্রে, স্মোক ফ্লেয়ার, বাঁশি, সাউন্ড বক্স, হ্যান্ড মাইক, আতশবাজি এবং বাইক শোডাউনের মতো নানা উপকরণ। এতে পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মিছিল চলাকালে আর্জেন্টিনা সমর্থকদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। বিশেষ করে ব্রাজিল সমর্থকদের উদ্দেশে দেওয়া ‘সেভেন আপ, সেভেন আপ’ এবং ‘আই ব্রাজিল দেইখা যা, আইছে তোদের বাপেরা’ স্লোগান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্রাজিল সমর্থকদের খোঁজ করা হলেও উল্লেখযোগ্য সংখ্যক সমর্থকের উপস্থিতি দেখা যায়নি।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, বিশ্বকাপকে ঘিরে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং ক্যাম্পাসে ফুটবল উৎসবের আবহ আরও প্রাণবন্ত করতেই এ আয়োজন করা হয়েছে। তারা আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন এবং বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
মিছিল শেষে সমর্থকদের মধ্যে ছবি তোলা, আড্ডা ও বিশ্বকাপ নিয়ে আলোচনা চলতে থাকে। ফলে বিকেলের শেষভাগটি আর্জেন্টিনা সমর্থকদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে