চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও আশপাশের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ৭টি গরু ও ২টি ছাগল কুরবানির উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থী ও স্থানীয় মানুষের জন্য এসব পশু ক্রয় করা হয়েছে। ঈদের দিন ক্যাম্পাস সংলগ্ন এলাকায় যেসব মানুষ কুরবানী দিতে পারবেন না, তাদের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হবে।
এছাড়া ঈদের দিন রাতে নগরীতে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ষোলশহরের একটি রেস্টুরেন্টে ভোজের আয়োজন করা হয়েছে। ঈদের পরদিন রাতে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের নিয়ে ‘আইয়্যো ঈদ’র গোস্ত হাই’ শীর্ষক একটি আয়োজনও করা হবে বলে জানানো হয়।
চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, “অনেক শিক্ষার্থী পরীক্ষা ও নানা কারণে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন না। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই আয়োজন।”
সংগঠনটির শাখা সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “মুসলিম-অমুসলিম শিক্ষার্থী, স্টাফ এবং ক্যাম্পাসের আশপাশে যারা কুরবানী দিতে পারেননি, তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ঈদের দিন ও পরদিন শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের পাশাপাশি আশপাশের মানুষের মাঝে গোশত বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
বিষয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে