যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়েছে। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১ মে) দূতাবাস সূত্রে জানা যায়, ফ্লোরিডা পুলিশ বৃষ্টির পরিবারের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি তার বলে নিশ্চিত করেছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানায়, মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহও দেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানা গেছে, ২ মে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে এবং দুবাই হয়ে ৪ মে ঢাকায় পৌঁছাবে।
প্রসঙ্গত, প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণায় নিয়োজিত ছিলেন। একই দিনে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টিও। পরবর্তীতে ফ্লোরিডার একটি জলাশয় থেকে তার মরদেহের অংশ উদ্ধার করা হয়।
এই মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যরা দ্রুত ও সুষ্ঠু প্রক্রিয়ায় মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে