মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ২১ মুসলিম দেশের বিবৃতি
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৫
ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে মিশরসহ ২১টি মুসলিম দেশ। পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা।
সোমবার (১৬ জুন) এক খোলা চিঠিতে এই নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে।চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, শাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।চিঠিতে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে— তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং এখন জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন।আরও বলা হয়েছে, তারা আশা করেন যে মধ্যপ্রাচ্য পরমাণু অস্ত্রমুক্ত থাকবে এবং এই অঞ্চলের সব দেশ যেন জাতিসংঘের পরমাণু প্রকল্পের নন-প্রোলিফারেশন চুক্তিতে স্বাক্ষর করে।
উল্লেখ্য, গত শুক্রবার থেকে পালটাপালটি হামলা ভয়াবহ রূপ নিয়েছে।ইসরায়েল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এতে উভয় দেশের তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।সংঘাত শুরুর পর প্রথমবারের মতো যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একসঙ্গে বিবৃতি দিলো এসব মুসলিম দেশ।
সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে