মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন ২৪ জানুয়ারি, যোগ দেবেন রাষ্ট্রপতি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন আগামী ২৪ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সম্মতি জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‎ ‎সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। ‎ ‎সাক্ষাৎকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, সামগ্রিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তারা। দেশের উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশে নোবিপ্রবির ভূমিকার বিষয়টিও রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। ‎ ‎পরে উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি ওই আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। ‎ ‎রাষ্ট্রপতির সম্মতিতে নোবিপ্রবি পরিবারে আনন্দের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী। তাঁর উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনকে আরও মর্যাদাপূর্ণ ও স্মরণীয় করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ‎

নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন ২৪ জানুয়ারি, যোগ দেবেন রাষ্ট্রপতি