মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে অনুষ্ঠিত রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।তিনি জানান, রাজধানীর যানজট কমাতে চারটি প্রধান আন্তঃনগর বাস টার্মিনালকে পর্যায়ক্রমে শহরের বাইরে সরিয়ে নেওয়া হবে। সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল স্থানান্তর করা হবে কেরানীগঞ্জ-এ। মহাখালী বাস টার্মিনাল প্রথমে রাজধানীর পূর্বাঞ্চলে অস্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে এবং পরে স্থায়ীভাবে টঙ্গির কাছে স্থানান্তর করা হবে।এছাড়া গাবতলী আন্তঃনগর বাস টার্মিনাল স্থানান্তর করা হবে হেমায়েতপুর-এ এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে কাঁচপুর এলাকায়।সভায় প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলোও দ্রুত অপসারণ করে নির্ধারিত স্থানে স্থানান্তরের নির্দেশ দেন। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা স্থাপনের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।সভায় রাজধানীর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা উন্নয়ন, এআই ক্যামেরার ব্যবহার বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক।প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সিটি করপোরেশনের প্রশাসক এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।