সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁর পুরো জীবন বাংলাদেশ ও দেশের মানুষের ভাগ্যোন্নয়নে উৎসর্গ করেছেন বলে মন্তব্য করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।
তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তাঁর পুরো জীবনটা বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে উৎসর্গ করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।’
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ সংগ্রাম ও ত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আসলাম। দোয়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে