বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বরেণ্য এই পণ্ডিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
আজ রোববার এক শোকবার্তায় উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এই মহান শিক্ষাবিদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একইসঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আজ দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে ৮৫ বছর বয়সে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। দুপুরে নিজ বাসায় অসুস্থ বোধ করলে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় অধ্যাপনা করেছেন এবং বাংলা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন বাংলা একাডেমির বর্তমান সভাপতি। সাহিত্য, রাজনীতি ও সংস্কৃতি নিয়ে তাঁর লেখা কুড়িটিরও বেশি গ্রন্থ পাঠকমহলে সমাদৃত। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক শুচিতা শরমিন এবং জাগৃতি প্রকাশনীর প্রয়াত স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনের বাবা। কিংবদন্তি এই অধ্যাপকের মৃত্যুতে দেশের শিক্ষাঙ্গন ও বুদ্ধিজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে